Image description

দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে বড় অঙ্কের বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে এআইআইবি প্রতিনিধি দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে অর্থমন্ত্রী জানান, দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে এআইআইবি প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি সংকটের টেকসই সমাধান এবং বড় প্রকল্পগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে এআইআইবি সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, “বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের বিষয়ে ব্যবসায়ীরাও তাদের মতামত দিয়েছেন। নতুন প্রকল্পের পাশাপাশি গত সরকারের সময় বন্ধ হয়ে যাওয়া জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলো পুনরায় চালু করার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নে এআইআইবি তাদের সহযোগিতা আরও প্রসারিত করবে।”

এর আগে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করে এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআইআইবি-র এই বাজেট সহায়তা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং জ্বালানি খাতের ওপর চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবকণ্ঠ/ডিআর