Image description

দেশের শিক্ষক সমাজের জন্য দীর্ঘ প্রতীক্ষিত এক সুখবর নিয়ে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বা ঈদ বোনাস বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে এক মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি বিবেচনায় নিয়ে চলতি বছর থেকেই এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আসন্ন পবিত্র ঈদুল আজহার আগেই বর্ধিত এই ভাতার সুবিধা শিক্ষকরা পেতে পারেন।

সরকার বিষয়টি বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া চলছে বলেও জানান মন্ত্রী।

এদিকে, একই দিনে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে কথা বলেন। তিনি জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো পুনর্বিন্যাস করার বিষয়েও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে। প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল নিয়ে সরকারের এই ইতিবাচক উদ্যোগ দেশের শিক্ষক সমাজের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করবে এবং শিক্ষার মানোন্নয়নে তারা আরও বেশি সচেষ্ট হবেন।

মানবকণ্ঠ/আরআই