হাম নিয়ন্ত্রণে সক্ষমতা বেড়েছে, ১৮ ঘণ্টায় সচল হয়েছে আইসিইউ: স্বাস্থ্যমন্ত্রী
দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবিলায় আইসোলেশন ও আইসিইউ সংকটের অভিযোগ নাকচ করে দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং জরুরি প্রয়োজনে মাত্র ১৮ ঘণ্টার মধ্যে আইসিইউ ইউনিট সচল করার অনন্য সক্ষমতা দেখিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে সংসদ সদস্য আকতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির বিস্তারিত চিত্র তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রামক ব্যাধি হাসপাতালে (আইডিএইচ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্বব্যাংকের প্রজেক্ট শেষ হওয়ার পর একটি আইসিইউ ইউনিট সাময়িকভাবে বন্ধ ছিল। সেখানে একজন রোগীর মৃত্যুর খবর পাওয়ার পর প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেয়। মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে সেই আইসিইউ ইউনিটটি পুনরায় সচল করা হয়েছে।
রাজশাহীর হাম পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, ‘সেখানে ১১ দিনে ৩৩টি শিশুর করুণ মৃত্যুর খবর পাওয়ার পরদিনই আমরা ভেন্টিলেটর পাঠিয়েছি। স্বাস্থ্য সচিব ও ডিজি নিজে সেখানে গিয়ে পরিস্থিতি তদারকি করেছেন। বর্তমানে রাজশাহীর আইসিইউ ইউনিটটি সম্পূর্ণ সুসজ্জিত এবং সেখানে বর্তমানে নতুন করে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি (জিরো ক্যাজুয়ালিটি)।’
সংসদ সদস্যের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রতিটি সরকারি হাসপাতালে হামের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। তিনি সংসদ সদস্যকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ‘আপনি চাইলে আগামীকালই আমার সঙ্গে সরেজমিনে হাসপাতাল পরিদর্শনে যেতে পারেন।’ এ সময় তিনি গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, মিডিয়ার গঠনমূলক সমালোচনা ও চাপ আমাদের ভালো কাজের জন্য অনুপ্রেরণা যোগায়।
আসন্ন বাজেট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আশ্বস্ত করেন যে, আগামী বাজেটে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। অত্যন্ত স্বচ্ছতা ও সততার সঙ্গে সেই বাজেট বাস্তবায়ন করা হবে যাতে দেশের প্রতিটি সাধারণ মানুষ সুচিকিৎসা পায়। বর্তমানে দেশের সব ঝুঁকিপূর্ণ এলাকায় ভেন্টিলেটর ও অক্সিজেন সেবা নিশ্চিত করা হয়েছে বলেও তিনি জানান।
মানবকণ্ঠ/আরআই




Comments