Image description

জনপ্রিয় শিশু-কিশোর মেধা অন্বেষণমূলক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ আবারও নতুন আঙ্গিকে ফিরছে। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি এই আয়োজনে প্রথমবারের মতো খেলাধুলার বিষয়টিও যুক্ত করা হচ্ছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “তরুণ সমাজকে সৃজনশীল ও কল্যাণকর কাজে উৎসাহিত করতে আমরা এই মেধা অন্বেষণ কার্যক্রমের পরিধি বাড়াচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় প্রথম ‘নতুন কুঁড়ি’ শুরু হয়েছিল। এবার এতে খেলাধুলাসহ আরও কিছু নতুন ক্ষেত্র যুক্ত করা হচ্ছে।”

উপদেষ্টা আরও জানান, সারা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি করতে একটি দেশব্যাপী বই পড়া প্রতিযোগিতাও শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠকে আজ সকালে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের লক্ষ্য হচ্ছে দেশের কিশোর ও তরুণ সমাজকে মেধা ও সৃজনশীলতার লড়াইয়ে যুক্ত করে একটি দক্ষ প্রজন্ম গড়ে তোলা। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞের যাত্রা শুরু হবে।

মানবকণ্ঠ/আরআই