Image description

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান সন্দেহভাজনকে বাংলাদেশে ফেরত পাঠাতে রাজি হয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধি দলের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ড. খলিলুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি এবং পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায়।

শহিদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানায় বাংলাদেশ পক্ষ। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নির্ধারিত আইনি প্রক্রিয়ায় তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে উভয় দেশ একমত হয়েছে। একই সঙ্গে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধ আবারও পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আশ্বাস দেন যে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা, বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর বিষয়েও দিল্লির পক্ষ থেকে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ এই দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/আরআই