পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছে ভারত। বুধবার (৮ এপ্রিল) ভারতের নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সহজীকরণ প্রক্রিয়া শুরু হতে পারে।
বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উভয় পক্ষই বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় ও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলোতে নিয়মিত পরামর্শ ও আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা।
বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সম্মতি প্রদান করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments