Image description

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ভারত থেকে ২০০টি নতুন ব্রডগেজ কোচ আমদানির ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এই তথ্য জানান।

সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) অর্থায়নে ভারত থেকে এই ২০০টি ব্রডগেজ কোচ সংগ্রহের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

রেলমন্ত্রী আরও জানান, প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী ২০২৬ সালের জুন মাস থেকে এই কোচগুলো বাংলাদেশে আসা শুরু হবে। এরপর ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে সবকটি কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।

মন্ত্রী বলেন, নতুন এই কোচগুলো রেলওয়ে বহরে যুক্ত হওয়ার পর যাত্রী চাহিদা বিবেচনায় নিয়ে বিভিন্ন রুটে নতুন ট্রেন চালু করা হবে। একইসঙ্গে বর্তমান রুটগুলোর আধুনিকায়ন ও সেবা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন ও আসন সংকট নিরসনে এই কোচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই