Image description

গাজীপুরে ‘বিগ্রেডিয়ার সাজ্জাদ’ পরিচয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রতারণার চেষ্টার খবর দৈনিক মানবকণ্ঠে প্রকাশের পর এ বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি দেশবাসীকে এই সংঘবদ্ধ প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় একটি চক্র বাংলাদেশ সেনাবাহিনী ও সামরিক গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছে। তারা ভয়ভীতি প্রদর্শন করে অর্থ ও ব্যক্তিগত সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। প্রতারকরা ব্রিগেডিয়ার জেনারেল বা লেফটেন্যান্ট কর্নেলের মতো পদমর্যাদার পরিচয় দিয়ে এবং সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে সংগৃহীত ইউনিফর্ম পরিহিত ছবি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে।

আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী বা কোনো গোয়েন্দা সংস্থা কখনোই ব্যক্তিগতভাবে ফোন কল বা বার্তার মাধ্যমে এ ধরনের যোগাযোগ করে না। এমন কোনো কল বা বার্তা পেলে তা ভুয়া হিসেবে বিবেচনা করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ এপ্রিল) দৈনিক মানবকণ্ঠের অনলাইন সংস্করণে ‘বিগ্রেডিয়ার সাজ্জাদ’ পরিচয়ে গাজীপুরের একাধিক সাংবাদিককে টার্গেট করার খবর প্রকাশিত হয়। ওই প্রতারক চক্রটি (+৮৮০ ১৮৮৭-১৩৪২৯৮) নম্বর থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ব্যক্তিগত তথ্য এবং ওটিপি (ভেরিফিকেশন কোড) সংগ্রহের চেষ্টা চালায়। ট্রুকলার অ্যাপে ওই নম্বরটির নাম ‘বাটপার প্রোম্যাক্স’ হিসেবে প্রদর্শিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতারণার বিষয়টি ফাঁস হয়ে যায়।

ভুক্তভোগী সাংবাদিক রিপন আনসারী জানান, তাকে ফোন করে বলা হয়েছিল তার নম্বর সেনাবাহিনীর সার্ভারে ঢুকে গেছে এবং একটি লিংকে প্রবেশ করলে তা সরিয়ে দেওয়া যাবে। সন্দেহ হওয়ায় তিনি কলটি কেটে দেন এবং স্থানীয় আর্মি ক্যাম্পকে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাহেব আলী পাঠান জানান, এ ধরনের প্রতারণার শিকার হলে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে হবে। প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সাপেক্ষে চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইএসপিআর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরিচিত নম্বর থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক না করতে এবং কোনো অবস্থায় গোপন পিন বা ভেরিফিকেশন কোড শেয়ার না করার জন্য জনসাধারণকে বিশেষভাবে সতর্ক করেছে।

মানবকণ্ঠ/ডিআর