Image description

জাতীয় সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে সংসদীয় শিষ্টাচার মেনে চলার এবং অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহর এক পর্যায়ে উত্তপ্ত আচরণের প্রেক্ষিতে স্পিকার তাকে স্মরণ করিয়ে দেন যে, এটি শাহবাগ মোড় নয়, বরং জাতীয় সংসদ।

অধিবেশন চলাকালে হাসনাত আবদুল্লাহকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু হলে চলবে না মি. আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং অন্যের কথা শুনতে হবে। সংসদে নিয়মবহির্ভূত মৌখিক কথাবার্তার সুযোগ খুবই কম। কোনো বিষয়ে বক্তব্য থাকলে যথাযথ প্রক্রিয়ায় নোটিশ দিতে হবে।’

বক্তব্য চলাকালীন স্পিকার পরামর্শ দিয়ে বলেন, ‘আইনমন্ত্রীর বক্তব্যটি গুরুত্বের সাথে বিবেচনা করা যেতে পারে। আপনারা প্রয়োজনে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনতে পারেন। সরকারি দল নিশ্চয়ই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।’

সংসদের মর্যাদা ও পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গঠিত হয়েছে। আমরা সবাই একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এখানে এসেছি। বর্তমান সংসদে একটি শক্তিশালী বিরোধী দল রয়েছে, যা সাম্প্রতিক ইতিহাসেও বিরল। তাই সংসদীয় রীতিনীতি মেনে চলাই সবার কর্তব্য।’

মানবকণ্ঠ/ডিআর