Image description

আগামী ১৮ এপ্রিল এ বছরের হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৮ এপ্রিল রাত দুইটায় হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত সরকারের তুলনায় এবার হজযাত্রায় খরচ টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে। এ ছাড়া কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই এবার ৭৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হচ্ছে।

এর আগে দুপুরে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে একই তথ্য দিয়েছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ)।

সে সময় ধর্মমন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। দুই–এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজি ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৪ হাজার ২৬০ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭২ হাজার ৩৪৪ জন।