আসন্ন বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচলের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন এনেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জনসমাগম ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগামী ১৪ এপ্রিল নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি ওইদিন সারাদিন বন্ধ থাকবে।
পহেলা বৈশাখের উৎসবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল জনসমাগম হয়। যাত্রীদের নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই সাময়িক পরিবর্তন আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য নিয়মিত যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
তবে এই দুটি স্টেশন ছাড়া মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল ও বিরতি স্বাভাবিক থাকবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। যাত্রীদের এই নির্দেশনানুযায়ী ভ্রমণের পরিকল্পনা করার অনুরোধ করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments