Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও সারের দাম দ্বিগুণ হয়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬-২৭: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), চ্যানেল-২৪ এবং দৈনিক সমকাল যৌথভাবে এই সভার আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আমরা যুদ্ধের পরিকল্পনা বা যুদ্ধের সম্ভাবনা মাথায় নিয়ে সরকার গঠন করিনি। যুদ্ধের প্রভাবে যে সংকট তৈরি হয়েছে তা ভয়াবহ। জিটুজি কন্ট্রাক্টে আমরা যে এলএনজি ১০ ডলারে কিনতাম, এখন স্পট মার্কেট থেকে তা ২০ ডলারে কিনতে হচ্ছে। ৫০-৬০ ডলারের ক্রুড অয়েল এখন ১১৬ ডলারে ঠেকেছে। একইভাবে ৪৫৬ ডলারের সার এখন কিনতে হচ্ছে প্রায় ৮০০ ডলারে।”

তিনি আরও জানান, দেশে বছরে প্রায় ২৬ লাখ টন ইউরিয়া সারের প্রয়োজন হয়, যার বড় একটি অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ গ্যাস সংকটের কারণে দেশীয় সার কারখানাগুলো সারা বছর চালু রাখা সম্ভব হচ্ছে না, ফলে মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ করে বাইরে থেকে সার আনতে হচ্ছে।

আসন্ন বাজেটের বিষয়ে ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “আর্থিক শৃঙ্খলা আনার জন্য আমরা করের হার না বাড়িয়ে করের আওতা (ট্যাক্স বেজ) বাড়ানোর পরিকল্পনা করছি। এনবিআর ও অর্থ মন্ত্রণালয় যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তার ইতিবাচক প্রতিফলন আপনারা আগামী বাজেটে দেখতে পাবেন। ব্যবসায়ীদের ওপর কোনো বাড়তি চাপ দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।”

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য মনজুর হোসেন, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি শামস মাহমুদ ও রিজওয়ান রাহমান, আইসিএমএবি প্রেসিডেন্ট মো. কাওসার আলম, আইসিএবি প্রেসিডেন্ট এন কে এ মবিন, ডিএসই চেয়ারম্যান মমিনুল ইসলাম এবং ইউসিবি চেয়ারম্যান শরীফ জহীর।

অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আসন্ন বাজেটের জন্য বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করা, সর্বোচ্চ করহার ২৫ শতাংশে নামিয়ে আনা, নন-লিস্টেড কোম্পানির করহার লিস্টেড কোম্পানির মতো ২৫ শতাংশ করা এবং পূর্ণাঙ্গ অটোমেটেড করপোরেট কর রিটার্ন পদ্ধতি চালু করা।

মানবকণ্ঠ/ডিআর