Image description

দেশে হামের প্রাদুর্ভাব ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় হামে সরাসরি আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ শিশুর মধ্যে ৪ জন ঢাকার এবং ১ জন রাজশাহীর বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।

গত এক দিনে নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যার ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭২১ জনে। এছাড়া মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ১০ হাজার ৯৫৪ জন। তবে এখন পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩৬৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করা এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মানবকণ্ঠ/আরআই