Image description

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, "সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন। তার প্রতিটি পরিকল্পনা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের জন্য।"

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, "তারেক রহমানের এই কৃষি ভাবনা আজকের নয়। দীর্ঘ ৮-৯ বছর ধরে তিনি আমাদের কাছে তার পরিকল্পনা ও স্বপ্নের কথা ব্যক্ত করে আসছেন। বর্তমানে তার এই রূপকল্পগুলো যেভাবে বাস্তবায়িত হচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে তিনি তার বাবা শহীদ জিয়ার দেখানো পথেই হাঁটছেন।"

জিয়াউর রহমানের শাসনামলের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, "শহীদ জিয়ার সময় বাংলাদেশ খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটিয়ে রফতানিতে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছিল। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে ভুল নীতি ও দুর্নীতির কারণে দেশকে চাল আমদানি করতে হয়েছে। তবে তারেক রহমানের এই আধুনিক ও কৃষিবান্ধব উদ্যোগের ফলে বাংলাদেশ আবারও দ্রুত খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।"

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হয়।

মানবকণ্ঠ/ডিআর