Image description

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মাসের এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার দায়ে তার বাবাকে আটক করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টা না পেরুতেই মো. ওসমান গণিকে (৩০) আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক রূপন নাথ। 

ওসমান গণি উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুর গ্রামের ইব্রাহীম মেম্বার বাড়ির কামাল উদ্দিনের ছেলে। 

এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ওসমান তার স্ত্রী সুমাইয়াকে চা দিতে বলেন। রাতে বাচ্চা না ঘুমানোর বিষয় নিয়ে এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান তার স্ত্রীর কোল থেকে দুই মাসের শিশুকন্যা সাফরিনা জান্নাত মাহিকে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়ে নিস্তেজ হয়ে পড়ে।

এসময় শিশুটির মা সুমাইয়ার চিৎকার শুনে আশপাশের স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. এস. এম. মেজবাহ উল করিম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার এসআই মো. হাবীবুর রহমান ফোর্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান জানান, ঘটনার পর ওসমান গণি আত্মগোপনে ছিল। তবে ২৪ ঘণ্টা না পেরুতেই তাকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।