বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এই তথ্য নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিবিড় চিকিৎসাধীন থাকার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ধাপের চিকিৎসার জন্য মঙ্গলবার (১৪ এপ্রিল) তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।
তিনি আরও জানান, মালয়েশিয়ায় মির্জা আব্বাসের উন্নত ফিজিওথেরাপি ও আনুষঙ্গিক চিকিৎসা প্রক্রিয়া চলবে। দ্রুত পূর্ণ সুস্থতা লাভের জন্য মির্জা আব্বাস ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ এই বর্ষীয়ান রাজনীতিবিদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
মানবকণ্ঠ/আরআই




Comments