জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় বাংলাদেশের
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উদ্যোগে সংস্থাটির শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত ফোর্স কমান্ডার ও হেডস অব মিলিটারি কম্পোনেন্টদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের পক্ষ থেকে সহযোগিতা আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া, অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে এবং অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত মিলিটারি অ্যাডভাইজার লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্সসহ বিভিন্ন দেশের ফোর্স কমান্ডার, জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জটিল ও চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে দায়িত্বরত ফোর্স কমান্ডারদের দূরদর্শী নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আপনাদের গতিশীল নেতৃত্বে কাজ করে বাংলাদেশি শান্তিরক্ষীরা দেশের জন্য যেমন গৌরব বয়ে আনছেন, তেমনি বিশ্বশান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। শান্তিরক্ষীদের নিরাপত্তা, পেশাদারিত্ব ও কার্যকারিতা নিশ্চিতকরণে আপনাদের অব্যাহত সহায়তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।”
এ সময় রাষ্ট্রদূত শান্তিরক্ষা কার্যক্রমে জীবন উৎসর্গকারী শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, তাঁদের এই আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ সামনের দিনগুলোতে শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদের অবদান আরও জোরালো করার প্রত্যয় ব্যক্ত করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানী। আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments