দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে এমন আরও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জনে। এছাড়া এই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪৬৭ জন। গত এক মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত সন্দেহে আরও ১৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হামের প্রকোপ সবচেয়ে বেশি দেখা দিয়েছে ঢাকা বিভাগে। এ পর্যন্ত ঢাকা বিভাগে হাম সন্দেহে মোট ৯ হাজার ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৯৬৫ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ২৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখছে এবং সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে সতর্ক থাকতে এবং শিশুদের টিকাদান নিশ্চিত করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
মানবকণ্ঠ/ডিআর




Comments