রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্রে শনিবার সকালে দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। নেই কোনো প্রটোকলের জাঁকজমক বা হাকডাক; বরং হলের বাইরে দাঁড়িয়ে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসিএ-র অধীনে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে মন্ত্রী এই দৃষ্টান্ত স্থাপন করেন। পরীক্ষার হলের ভেতর পরীক্ষার্থীরা যখন এমসিকিউ (MCQ) প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত, তখন বাইরে দাঁড়িয়ে মন্ত্রী পুরো ব্যবস্থাপনার শৃঙ্খলা ও স্বচ্ছতা পরখ করে দেখেন।
মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ও নেটিজেনরা বিষয়টিকে পরীক্ষা ব্যবস্থার ওপর সরাসরি ও নিবিড় নজরদারির এক ইতিবাচক ভঙ্গি হিসেবে দেখছেন।
পরিদর্শনকালে মন্ত্রী সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ রাজধানীর একাধিক কেন্দ্র ঘুরে দেখেন। প্রতিটি কেন্দ্রে তিনি প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, "নিয়োগ পরীক্ষার কোনো স্তরেই যেন স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ না হয়। প্রার্থীরা যাতে সম্পূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে তাদের মেধার প্রতিফলন ঘটাতে পারেন, তা নিশ্চিত করতে হবে।" তিনি আরও জানান, পরীক্ষা ব্যবস্থায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।
উল্লেখ্য, নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে চার ধাপে রাজধানীর ৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি প্রশাসনিক তদারকিও জোরদার করা হয়েছে।
মন্ত্রীর এই ‘নীরব পর্যবেক্ষণ’ এবং সশরীরে জানালার ফাঁক দিয়ে হলের পরিবেশ দেখার বিষয়টি দিনভর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, যা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার প্রতি তার অঙ্গীকারেরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments