Image description

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সামান্য বাড়ানো হলেও এর প্রভাবে নিত্যপণ্যের দাম খুব বেশি বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানি মূল্যের এই সীমিত সমন্বয়ের কারণে যাতে সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম কয়েক গুণ বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশে যে মূল্য সমন্বয় করা হয়েছে, তা অত্যন্ত নগণ্য। আমরা যে খাদ্য গ্রহণ করি, তা জ্বালানি তেলে তৈরি হয় না; এটি মূলত উৎপাদন ও পরিবহন ব্যয়ের সঙ্গে জড়িত। এছাড়া ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে মোট উৎপাদন খরচের মাত্র ৭ থেকে ৮ শতাংশ জ্বালানি বাবদ ব্যয় হয়। ফলে পণ্যের দাম অস্বাভাবিক বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই।’

স্বাস্থ্য খাতের পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, গত দুই বছরে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ বছর হাম ও রুবেলার প্রকোপ কিছুটা বেড়েছে। তবে সরকার দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ নিয়েছে। তিনি আরও জানান, সিলেট বিভাগে এবার ১৩ লাখ ৫১ হাজার ৯৬৯ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪ লাখ ৬৫ হাজার ৩৫৪ জন শিশু রয়েছে। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, সিলেট বিভাগে ইতিমধ্যে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে মন্ত্রী প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের নির্দেশনা দেন।

মানবকণ্ঠ/আরআই