Image description

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জোরালো দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মূলত জ্বালানি পাচার ও অপচয় রোধ করে এই খাতে শৃঙ্খলা আনতেই সরকারের পক্ষ থেকে তেলের দাম অত্যন্ত সহনীয় পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা একটি মুলতবি প্রস্তাবের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের কষ্টের কথা বিবেচনা করে আমরা একটি সহনীয় বা ‘টলারেবল’ পর্যায় পর্যন্ত জ্বালানি তেল ও গ্যাসের মূল্য সমন্বয় করেছি। আমাদের জাতীয় অর্থনীতি যখন আর ভর্তুকির চাপ নিতে পারছিল না, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া জ্বালানির দাম কম থাকলে তা পাচার হওয়ার বা অপচয় হওয়ার প্রবণতা থাকে। সেই পাচার রোধ করতে এবং এই খাতে একটি শৃঙ্খলা আনতেই সরকার এই ব্যবস্থা নিয়েছে।”

মুলতবি প্রস্তাবের বিরোধিতা করে মন্ত্রী বলেন, এরই মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ৩শ বিধিতে পরিসংখ্যানসহ সংসদে বিবৃতি দিয়ে জানিয়েছেন যে দেশে তেল ও গ্যাসের কোনো ঘাটতি নেই। বিষয়টি এখন জাতির কাছে স্পষ্ট। তাই সংসদ মুলতবি রেখে এই বিষয়ে আলোচনার কোনো যৌক্তিকতা নেই। তবে তিনি ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার সুযোগ দেওয়ার জন্য স্পিকারের কাছে অনুরোধ জানান।

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, সংসদীয় ইতিহাসে মুলতবি প্রস্তাব সাধারণত সরকারের কাজে বাধা দেওয়ার জন্য আনা হয়। তবে এই অধিবেশনে ইতিমধ্যে দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি অনন্য নজির। অপ্রয়োজনীয় আলোচনা ভবিষ্যতের সংসদীয় সংস্কৃতির জন্য নেতিবাচক হতে পারে বলে তিনি সতর্ক করেন।

মানবকণ্ঠ/আরআই