সাগরে ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) আকস্মিক কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে গ্যাস সরবরাহ। এতে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি তৈরি হওয়ায় রাজধানী ঢাকা ও এর আশপাশের বড় একটি এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিতাস জানায়, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহকারী একটি ইউনিট সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাংশসহ তিতাসের আওতাধীন বিস্তৃত এলাকায় গ্যাসের চাপ অত্যন্ত কমে গেছে। এর ফলে আবাসিক গ্রাহকদের রান্নাবান্না যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বড় ধরনের সংকটে পড়েছে শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে নারায়ণগঞ্জ ও মেঘনা ঘাট এলাকার শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন প্রক্রিয়া স্থবির হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি সারাতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা কাজ করছেন। তবে কারিগরি সমস্যার গভীরতা বিবেচনায় পুনরায় সরবরাহ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় গ্যাসের উৎপাদন হ্রাসের প্রেক্ষাপটে এলএনজি আমদানির ওপর নির্ভরতা বাড়ায় এ ধরনের যান্ত্রিক ত্রুটি পুরো বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে জনদুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments