বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় একযোগে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।
এ বছর দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের বাধ্যবাধকতা থাকায় সকাল থেকেই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কেন্দ্র এলাকাগুলো।
পরীক্ষার্থীদের সুবিধার্থে সরকার এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গতকাল সোমবার এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছেন। কেন্দ্র এলাকায় অহেতুক ভিড় বা আতঙ্ক সৃষ্টি না করতেও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার বিশেষ তদারকি জোরদার করা হয়েছে। সারাদেশে ৩ হাজার ২০৯টি পরীক্ষা কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির জানান, নতুন ও পুরনো সব কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পরীক্ষা মনিটরিং করা হচ্ছে এবং এ বিষয়ে কেন্দ্র সচিবদের উৎসাহিত করা হয়েছে।
এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সারাদেশে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলো সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments