শরীয়তপুরে শ্যালো মেশিন কাঁধে নিয়ে ফিলিং স্টেশনে হাজির হয়েছেন কয়েকজন কৃষক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
ভিডিওতে দেখা যায়, কয়েকজন কৃষক সেচকাজে ব্যবহৃত শ্যালো মেশিন খুলে কাঁধে করে একটি ফিলিং স্টেশনে নিয়ে আসছেন। সেখানে মেশিনে সরাসরি তেল ভরার প্রস্তুতিও নিতে দেখা যায় তাদের।
গত ১৮ এপ্রিল সকালে নড়িয়া উপজেলার ডগ্রি বাজারে মেসার্স চোকদার ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য যান তারা। তাদের ধারণা ছিল, বোতল বা ড্রামে তেল না দেওয়ায় মেশিনসহ গেলে সহজে তেল পাওয়া যাবে। পরে তারা তেল নিয়ে বাড়ি ফেরেন।
চোকদার ফিলিং স্টেশন সূত্র জানায়, সরকারি নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়া খোলা পাত্রে জ্বালানি তেল বিক্রি করা হয় না। তবে কৃষিকাজে ব্যবহারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত প্রক্রিয়ায় তেল সরবরাহ করা হয়।
স্টেশনটির পরিচালনাকারী আব্দুল জব্বার বলেন, গত ১৮ এপ্রিল সকালে কৃষকরা শ্যালো মেশিন কাঁধে নিয়ে পাম্পে আসেন। পরে তেলও নিয়ে যান।
কিন্তু অনেকেই ভুল ধারণা থেকেই এমন করেন। একসময় অকটেন ও পেট্রল বোতলে বিক্রি নিষিদ্ধ ছিল। সে কারণে ওই সময় আমরা বোতলে তেল দিতে পারিনি। পরে জেলা প্রশাসন, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে কৃষকদের সুবিধার কথা বিবেচনায় আবারও সীমিতভাবে বোতলে তেল দেওয়া শুরু করি।
তাই কেউ জেনারেটরের জন্য, কেউ আবার শ্যালো মেশিন কাঁধে করে নিয়ে আসেন। তবে কৃষিকাজে ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি থাকলে নির্ধারিত নিয়ম মেনেই তেল সরবরাহ করা হয়।




Comments