Image description

সরকারি হাসপাতালগুলোতে এক্স-রে বা আলট্রাসাউন্ডের মতো জরুরি রোগ নির্ণয় সেবাগুলো নির্দিষ্ট সময়ের পর আর পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘রোগ কোনো নির্দিষ্ট সময়ে হয় না, অথচ আমাদের সরকারি সেবাগুলো সময় মেনে চলে। এই অবস্থার পরিবর্তন ঘটিয়ে ‘রোস্টার ডিউটির’ মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে সার্বক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন বাংলাদেশের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘রাত ১০টায় একজনের জরুরি আলট্রাসাউন্ড প্রয়োজন হলে তার স্বজনদের কী পরিমাণ ভোগান্তি পোহাতে হয়, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। সরকারি হাসপাতালে সেবা না পেয়ে মানুষকে বেসরকারি ক্লিনিকে দৌড়াতে হয়। জরুরি সময়ে প্রয়োজনীয় পরীক্ষা করা না গেলে সঠিক চিকিৎসা ব্যাহত হয়, যা কোনোভাবেই কাম্য নয়।’

চিকিৎসা খাতের উন্নয়নে শুধু বাজেট বাড়ানোর চেয়ে দক্ষ জনবল তৈরিতে বেশি গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, ‘মানুষ তৈরি না হলে দামি মেশিন কিনে কোনো লাভ হবে না। আমাদের টেকনিশিয়ান, ইঞ্জিনিয়ার ও চিকিৎসক—সব পর্যায়ে আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। তবেই সাধারণ মানুষ প্রযুক্তিনির্ভর চিকিৎসার সুফল পাবে।’

সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফারিয়া নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এম মঈনুল ইসলাম।

দিনব্যাপী এই সম্মেলনে পরমাণু চিকিৎসার সমসাময়িক বিষয়ে অর্ধশতাধিক বৈজ্ঞানিক নিবন্ধ উপস্থাপিত হয়। অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ডা. ফরিদা ইয়াসমিনকে ‘ইয়াং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

মানবকণ্ঠ/ডিআর