‘সংসদের পানিও খাওয়া যায় না’, ওয়াসার পানির মান নিয়ে ক্ষোভ মির্জা ফখরুলের
রাজধানীর পানির মান ও ঢাকা ওয়াসার সেবা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রতিক্রিয়া জানান।
মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, “ওয়াসার পানি নিয়ে যখন নেতিবাচক কথা শুনি, তখন আমার খুব কষ্ট হয়। এমনকি সেদিন জাতীয় সংসদের চিফ হুইপও অভিযোগ করেছেন যে, সংসদের পানি পর্যন্ত খাওয়া যায় না। বর্তমানে ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট হলো নিরাপদ পানি। এই পরিস্থিতি উত্তরণে এবং বাংলাদেশকে বাঁচাতে আমাদের নতুনভাবে পরিকল্পনা করতে হবে।”
মন্ত্রী নদী দূষণ রোধে কঠোর হওয়ার তাগিদ দিয়ে বলেন, “নদীগুলোকে দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কোনো বিকল্প নেই। আমাদের মনে রাখতে হবে, আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি বা সুযোগ-সুবিধা ভোগ করি, তা সবই জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধান করা এবং তাদের স্বস্তি দেওয়া আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত।”
ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ কমাতে তিনি বিকল্প ব্যবস্থার পরামর্শ দিয়ে বলেন, “আমাদের এখন ডিপ টিউবওয়েলের ওপর নির্ভরতা কমিয়ে সারফেস ওয়াটার বা ভূ-উপরিস্থ পানির ব্যবহারে অভ্যস্ত হতে হবে। বিশেষ করে বৃষ্টির পানি সংরক্ষণের (রেইন ওয়াটার হারভেস্টিং) ওপর আমাদের আরও জোর দিতে হবে।”
বিশ্বজুড়ে নিরাপদ পানির ক্রমবর্ধমান সংকটের কথা উল্লেখ করে মির্জা ফখরুল সতর্কবার্তা দেন যে, আগামী দিনে বিশ্বে যদি কোনো যুদ্ধ হয়, তবে তা হওয়ার বড় কারণ হতে পারে এই নিরাপদ পানি। তাই এখনই সচেতন হওয়ার সময়।
মানবকণ্ঠ/আরআই




Comments