Image description

জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশনের ২৪তম বৈঠক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে অধিবেশন চলাকালীন এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জোহরের নামাজের বিরতির কিছুক্ষণ আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিরোধীদলীয় এই সংসদ সদস্য শারীরিক অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি বিবেচনায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে অধিবেশন স্থগিত ঘোষণা করেন এবং সংসদের চিকিৎসককে দ্রুত তলব করেন।

অধিবেশনের জোহরের নামাজের বিরতি চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে যান। সেখানে তিনি অসুস্থ সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন। প্রধানমন্ত্রী এ সময় তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর এই সৌজন্য সাক্ষাতের সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের প্রাথমিক চিকিৎসা সম্পন্ন হওয়ার পর পুনরায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মানবকণ্ঠ/ডিআর