স্বৈরাচারী শাসকরা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “শ্রমিক ও কৃষকদের ভাগ্য পরিবর্তন করতে পারলেই বদলে যাবে বাংলাদেশ। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিক পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তাদের স্ত্রীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এ ছাড়া কৃষকদের আর্থিক বোঝা লাঘবে ইতোমধ্যেই ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষকদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করার কাজ চলছে।
দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা যেন সঠিক সময়ে সেচের পানি পায়, সেজন্য আমরা দেশব্যাপী খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করেছি। কৃষক ও শ্রমিকের উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে বিএনপি ও শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments