প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।
শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে বেরিয়ে ৯টার দিকে বিমানবন্দরে পৌঁছান বলে জানান তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে আজ সিলেট জেলা স্টেডিয়ামে বিশেষ ক্রীড়া কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই উদ্যোগে ফুটবল, ক্রিকেট ও কাবাডিসহ মোট আটটি ডিসিপ্লিনে তরুণরা অংশ নেয়ার সুযোগ পাবে।
সিলেটের ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন জানান, প্রধানমন্ত্রী নিজেই মাঠে উপস্থিত থেকে আটটি ডিসিপ্লিনের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করবেন। এ নিয়ে স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ ও উদীয়মান অ্যাথলেটদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।
সফরে সরকারপ্রধান একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করবেন। এর মধ্যে রয়েছে সিলেট সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খনন কাজ।
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান এবং মোনাজাতে অংশ নেবেন।
_____
এআর/এমকে




Comments