এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে তাকে সিলেটের বিখ্যাত ‘সাতকড়া’ দিয়ে রান্না করা গরুর মাংসসহ নানা দেশীয় পদে আপ্যায়ন করা হয়।
বিকেল ৩টার দিকে পরিবেশিত এই মধ্যাহ্নভোজের মেন্যুতে প্রধান আকর্ষণ ছিল সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস। এছাড়া তালিকায় ছিল স্থানীয় হাওরের শিং মাছ, টেংরা মাছ, বাইম মাছসহ বিভিন্ন পদের সুস্বাদু দেশীয় মাছ।
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন। তার রুচি ও স্থানীয় সংস্কৃতি মাথায় রেখেই এসব পদের আয়োজন করা হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী সিলেটের এই বিশেষ আপ্যায়ন অত্যন্ত উপভোগ করেছেন।
উল্লেখ্য, সিলেট অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যে অতিথি আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি বিশেষ আকর্ষণ ও আভিজাত্যের অংশ হিসেবে বিবেচিত হয়। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
মানবকণ্ঠ/ডিআর




Comments