Image description

আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একইসঙ্গে বাংলাদেশ বিমানকে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে নতুন ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২ মে) বিকেলে জামালপুর আউয়াল হ্যান্ডবল স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘স্বপ্নের পথে, বিজয়ের পথে’ স্লোগানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ বিমানকে বিশ্বমানের এভিয়েশন হাব হিসেবে তৈরি করতে আমরা কাজ করছি। পর্যটন খাতের প্রসারে প্রতি বছর ৩ কোটি বিদেশি পর্যটক আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এ বছর হজযাত্রীদের বিমান ভাড়া ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং ভবিষ্যতে এই ভাড়া আরও কমানোর পরিকল্পনা রয়েছে। হজযাত্রীদের ইমিগ্রেশন ও ভিসা জটিলতা নিরসনে সৌদি সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যাতে তারা কোনো ভোগান্তির শিকার না হন।”

নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ-সবলভাবে গড়ে তুলতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী আরও বলেন, যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে মাঠ পর্যায়ে নিয়মিত ক্রীড়া চর্চা অপরিহার্য।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলার অন্যান্য সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের এই ক্রীড়া উৎসবে মোট ৮টি ইভেন্টে প্রায় ৭ শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন।

মানবকণ্ঠ/ডিআর