দেশে হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে সারা দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি নয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
রোববার (০৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত ৯ শিশুর মধ্যে ঢাকায় ৪ জন, বরিশালে ২ জন এবং চট্টগ্রাম, খুলনা ও সিলেটে ১ জন করে শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে ২৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হাম নিশ্চিতভাবে শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৫০ শিশু। অর্থাৎ গত দেড় মাসে মোট ২৯৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে।
তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ৪০ হাজার ৪৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ হাজার ৮১৬ জন শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৪ হাজার ৯০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার এবং সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
মানবকণ্ঠ/ডিআর




Comments