Image description

রাজধানীর খিলক্ষেত থানাধীন লেকসিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ফারুক কবির বাদল মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার টিভি মালদা এলাকার প্রয়াত আব্দুর রশিদের ছেলে। তিনি খিলক্ষেতের ওই বাসায় দীর্ঘ দিন ধরে একাই বসবাস করতেন। পুলিশ জানিয়েছে, তার স্ত্রী ও একমাত্র মেয়ে বর্তমানে আমেরিকায় বসবাস করছেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র দাস জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার বিকেলে লেকসিটি এলাকার ওই ফ্ল্যাটের ড্রয়িং রুম থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটিতে পচন ধরেছিল, যা থেকে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

এসআই জীবন চন্দ্র আরও জানান, “নিহত ব্যক্তি ওই ফ্ল্যাটে একাই থাকতেন এবং নিজের রান্না নিজেই করতেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কোনো অসুস্থতার কারণে কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

দীর্ঘ দিন ধরে জনমানবহীন ফ্ল্যাটে নিঃসঙ্গ জীবন কাটানো এই বৃদ্ধের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

মানবকণ্ঠ/আরআই