Image description

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

রোববার (৩ মে) সকাল সাড়ে ১১টায় এমপির নোয়াপাড়া এলাকার নিজ বাসভবনে মাধবপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, সত্য ও তথ্যভিত্তিক সংবাদ সমাজের উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে। তবে অপতথ্য ও মিথ্যা সংবাদ দেশের জন্য ক্ষতিকর এবং তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। আমাদের কোনো ভুলত্রুটি থাকলে গঠনমূলক সমালোচনা করবেন, তবে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকবেন।”

তিনি আরও বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সাময়িক সংকট দেখা দিলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। এছাড়া টানা বৃষ্টি ও ঝড়ের কারণে এলাকায় গাছপালা উপড়ে পড়া, ঘরবাড়ির ক্ষতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।

সংসদ সদস্য বলেন, সরকার থেকে বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্প শতভাগ বাস্তবায়নে তিনি সচেষ্ট রয়েছেন। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। তিনি বলেন, “মাধবপুর-চুনারুঘাটবাসী আমাকে যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছেন, সেই আস্থা রক্ষা করতে আমি সর্বোচ্চ চেষ্টা করছি।”

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সরকারের ইতিবাচক কার্যক্রম জনগণের সামনে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর ও আলাউদ্দিন আল রনি, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কাদের, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সালমান, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্করসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিক ও ফলপ্রসূ। সাংবাদিকদের সঙ্গে জনপ্রতিনিধির এ ধরনের সরাসরি মতবিনিময় ভবিষ্যৎ উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।