Image description

ডিবিএল সিরামিকস তাদের ‘ডিজাইন ফর লাইফ’ দর্শনের ওপর ভিত্তি করে বিশ্বের প্রথম অটিজম-বান্ধব টাইলস ‘নিউরো টাইলস’ (NeuroTiles) এবং একটি বিশেষ ‘ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন’ উন্মোচন করেছে। অটিজম আক্রান্ত শিশুদের জন্য উপযুক্ত ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরিতে এই উদ্যোগটি বিশেষ ভূমিকা রাখবে।

বিশ্বজুড়ে প্রায় ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত। কিন্তু তাদের বেড়ে ওঠার জায়গা যেমন—ঘর বা স্কুল সাধারণত তাদের বিশেষ প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয় না। এই বাস্তবতাকে সামনে রেখে দীর্ঘ ছয় মাসের নিবিড় গবেষণার মাধ্যমে ডিবিএল সিরামিকস শিশুদের পছন্দসই শেপ (আকৃতি), রঙ এবং টেক্সচার নির্ধারণ করে এই ডিজাইন গাইডলাইন ও টাইলস তৈরি করেছে।

গবেষণায় দেখা গেছে, অটিজম আক্রান্ত শিশুরা হালকা রঙ, সাধারণ টেক্সচার এবং একই ধরনের প্যাটার্নের নকশায় বেশি স্বস্তি পায়। এতে তাদের মনোযোগ বৃদ্ধি পায়, অস্থিরতা কমে এবং তারা নিজেদের আবেগকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে। এই মহতী প্রকল্পে যুক্ত ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার, মনোবিজ্ঞানী, শিক্ষক ও ডিজাইনাররা। পাশাপাশি কল্যাণীয় ইনক্লুসিভ স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল এবং শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞরা এই গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ডিবিএল সিরামিকস চায় এই মহতী উদ্যোগে সবাই শামিল হোক। তাই তারা এই ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইনটি সবার জন্য ‘ওপেন সোর্স’ হিসেবে উন্মুক্ত করে দিয়েছে, যাতে যে কেউ এটি ব্যবহার করে অটিজম-বান্ধব পরিবেশ তৈরি করতে পারে। গাইডলাইনটি এই ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে: https://neurotiles.dblceramics.com/

ডিবিএল সিরামিকস বিশ্বাস করে, অটিজম-বান্ধব রঙ ও প্যাটার্ন দিয়ে সাজানো একটি ছোট্ট ঘরও কোনো শিশুর জন্য তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এ প্রসঙ্গে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজীদ বাশার বলেন, “যদি অটিজম থাকা একটি শিশুও নিজের ঘরে প্রথমবারের মতো প্রকৃত স্বস্তি খুঁজে পায়, তবেই আমাদের এই উদ্যোগ সার্থক।”

মানবকণ্ঠ/ডিআর