রাজধানীবাসীর যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যময় করতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর বড় পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ঈদুল আজহার পর থেকেই এই নতুন সময়সূচি কার্যকর হতে পারে। একই সঙ্গে দুই ট্রেনের মধ্যবর্তী সময় (হেডওয়ে) কমিয়ে যাত্রীদের অপেক্ষার অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রাতে মেট্রোরেল চলাচলের সময় আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়ানোর প্রস্তুতি চলছে। বর্তমানে মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ ট্রেনটি রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যায়, যা নতুন পরিকল্পনা অনুযায়ী রাত ১১টা পর্যন্ত চলবে। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেনটি রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১০টা ১০ মিনিটে ছাড়ার কথা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সময় বাড়ানোর পরিকল্পনা থাকলেও সকালে চলাচলের সূচিতে আপাতত কোনো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। বর্তমানে উত্তরা থেকে প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় এবং মতিঝিল থেকে সকাল সোয়া ৭টায় চলাচল শুরু করে।
সময়ের পাশাপাশি ট্রেনের গতি ও ফ্রিকোয়েন্সি বাড়ানোর কাজও চলছে। বর্তমানে দুই ট্রেনের মাঝখানের ব্যবধান ৩০ সেকেন্ড কমিয়ে সাড়ে ৪ মিনিট পরপর ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে এ সংক্রান্ত কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষামূলক চলাচল সফল হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সময় ও ট্রেনের সংখ্যা বাড়লে অফিসফেরত যাত্রী ও রাতে যাতায়াতকারীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং মেট্রোরেলে যাত্রী পরিবহনের সক্ষমতা আরও বাড়বে।
মানবকণ্ঠ/আরআই




Comments