Image description

দেশের ইতিহাসে এবারের মতো এত চমৎকার ও সফল নির্বাচন আগে কখনো হয়নি বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, সামরিক ও অসামরিক প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো কঠিন কাজ যে সফলভাবে সম্পন্ন করা সম্ভব, সদ্য সমাপ্ত নির্বাচনই তার সবচেয়ে বড় প্রমাণ।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের গুরুত্বপূর্ণ এক অধিবেশনে সেনাপ্রধান এসব কথা বলেন। উক্ত অধিবেশনে নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকদের অভিনন্দন জানিয়ে সেনাপ্রধান বলেন, “আপনারা জাতিকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। নির্বাচনের মূল দায়িত্ব ছিল আপনাদের কাঁধেই, সেনাবাহিনী কেবল সহযোগী হিসেবে পাশে ছিল। সফলভাবে এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার কৃতিত্ব আপনাদেরই।”

অনিশ্চয়তার প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, “একসময় দেশে নির্বাচন নিয়ে ব্যাপক শঙ্কা ও নিরাশা তৈরি হয়েছিল। অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন হবে না। কিন্তু আমরা সব প্রতিকূলতা জয় করে দেশকে একটি সঠিক গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি। এটি জাতি হিসেবে আমাদের অনেক বড় অর্জন।”

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আশ্বস্ত করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা যেকোনো জরুরি পরিস্থিতিতে জেলা প্রশাসকরা সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুততার সাথে নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে অবহিত করার সাথে সাথেই তারা মাঠ প্রশাসনে সহযোগিতার জন্য প্রস্তুত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মানবকণ্ঠ/আরআই