কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (৭১) কারাকক্ষে মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে ঘুম থেকে ওঠার পরপরই তিনি এই দুর্ঘটনার শিকার হন।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ মামুন খালেদ সকালে ঘুম থেকে উঠে দাঁড়ানোর সময় হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে যান এবং মাথায় সামান্য আঘাত পান।
কারাগার সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই কারা হাসপাতালের চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। সাবেক ডিজিএফআই প্রধানের হাসপাতালে যাওয়ার তেমন আগ্রহ ছিল না।
তবু কর্তৃপক্ষের নির্দেশক্রমে, মাথায় আঘাত পাওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য তাকে বিকেলের দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় সিটি স্ক্যান করানো হয়।
রিপোর্ট পরীক্ষার পর চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আঘাত গুরুতর নয়। পরে বন্দি সাবেক ডিজিএফআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।




Comments