Image description

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে-২২০) তার মরদেহ এসে পৌঁছায়। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম তার মরদেহ গ্রহণের পরিবারের কাছে হস্তান্তর করবেন।

এর আগে বৃষ্টির মরদেহ নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তার মা-বাবাসহ স্বজনেরা। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একটি প্রাইভেটকারে করে তারা বিমানবন্দরে আসেন। এ সময় পরিবারের সদস্যদের শোকে বিহ্বল দেখা যায়।

ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন বৃষ্টি (২৭)। একই বিশ্ববিদ্যালয়ের আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও (২৭) নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। তার মরদেহ গত ৪ মে ঢাকায় আসে।

বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করছিলেন। আর লিমন পিএইচডি করছিলেন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে। তাদের মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ।

গত ১৬ এপ্রিল লিমন ও বৃষ্টি নিখোঁজ হন। তাদের একজন বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন। পরে পুলিশ নিশ্চিত করে, দুজনই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।