আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুবাহী কোনো যানবাহনে চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পশুবাহী গাড়িতে চাঁদাবাজির কোনো সুযোগ নেই এবং এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর। চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
সোমবার (১১ মে) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, কোরবানির ঈদকে কেন্দ্র করে সড়কে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘বিগত ১৮ বছরে শরীয়তপুর এলাকায় কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকার শরীয়তপুরসহ এই অঞ্চলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন গেলেও এখানে কোনো স্টেশন রাখা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এখানে একটি পূর্ণাঙ্গ রেল স্টেশন করার উদ্যোগ নেব।’
সাবেক সরকারের সমালোচনা করে শেখ রবিউল আলম বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকার মেগা প্রকল্পের নামে সারাদেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। এর ফলে বর্তমানে দেশের অভ্যন্তরীণ অর্থব্যবস্থা সংকটের মুখে রয়েছে। তবে সীমিত বাজেটের মধ্যেও গত আড়াই মাসে বর্তমান সরকার অগ্রাধিকারের ভিত্তিতে অনেক জনহিতকর কাজ করার সর্বোচ্চ চেষ্টা করছে।’
বৃক্ষরোপণ কর্মসূচিতে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments