Image description

সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সোমবার (১১ মে) দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পরিচ্ছন্নতার ক্ষেত্রে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দেখতে পেয়েছেন। এর ফলে জনমনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হচ্ছে এবং শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে।

বিদ্যালয়ের পরিবেশ উন্নত করা এবং সরকারি স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে নিয়মিত বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে বিদ্যালয় ভবনের ছাদ নিয়মিত পরিষ্কার করা এবং ভবনের কার্নিশে জন্মানো পরগাছা বা আগাছা কর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখা কেবল দৃষ্টিনন্দন হওয়ার জন্য নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি স্বাস্থ্যসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অপরিহার্য অংশ। এই নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনা হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/আরআই