Image description

দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করতে পারলে প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

ধর্মমন্ত্রী বলেন, ‘এ দেশের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন বরদাশত করব না। দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না করতে পারলে প্রয়োজনে মন্ত্রীত্ব ছেড়ে দেব।’ 

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতার অযুহাতে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হলে সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অজুহাত তুলে বাংলাদেশে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ভারতে মুসলমানদের ওপর নিপীড়ন বন্ধে সে দেশের সরকারকে অনুরোধ করা হবে।’

আরেক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ায় পর তারেক রহমানের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে। যারা গণতন্ত্রকে হত্যা করতে চায় তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।’