পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল বুধবার (১৩ মে) থেকে। এবারও ঈদযাত্রার অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার (১২ মে) এক বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে টিকিট কেনা নিয়ে যাত্রীদের জরুরি বার্তা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ মে থেকে ১৭ মে পর্যন্ত চলবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। অন্যদিকে, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি হবে ফিরতি যাত্রার টিকিট। যাত্রীরা শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমেই এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কালোবাজারি ও জালিয়াতি রোধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের কোনো তৃতীয় পক্ষ, অনিবন্ধিত প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার জন্য কড়া আহ্বান জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, সরকারি স্বীকৃত মাধ্যম ছাড়া টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা বড় ধরনের আর্থিক প্রতারণার শিকার হতে পারেন। অননুমোদিত উপায়ে টিকিট কিনলে ভ্রমণের সময় আইনি জটিলতার মুখে পড়ার শঙ্কাও রয়েছে। ট্রেনের টিকিট বিক্রির পুরো প্রক্রিয়াটি নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে রেলওয়ের কারিগরি টিম এবং আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করবে বলেও জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments