২০২৫ সালে ১৩২টি নৌ-দুর্ঘটনায় ১৫৮ জনের মৃত্যু, নিখোঁজ ৩৮
সারাদেশে ২০২৫ সালে ছোট-বড় ১৩২টি নৌ-দুর্ঘটনায় অন্তত ১৫৮ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৩৯ জন এবং নিখোঁজ রয়েছেন ৩৮ জন। মঙ্গলবার (১২ মে) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষের সেমিনার কক্ষে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী বলেন, “নৌপথে দুর্ঘটনা ও ডাকাতি আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ফেরিঘাটগুলোতে অব্যবস্থাপনা এবং ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। নৌযান চালকরা সচেতন হলে এসব দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন, “সড়কপথের তুলনায় নৌপথে দুর্ঘটনার হার কম হলেও চালকদের অসাবধানতা এবং ফিটনেসবিহীন নৌযান চলাচলের কারণে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটছে। নৌপথকে নিরাপদ করতে মালিক, চালক ও যাত্রী—তিন পক্ষকেই সমানভাবে সচেতন হতে হবে।”
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ স্থানীয় নৌযান মালিক ও চালক প্রতিনিধিরা।
আলোচনা সভা শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে নৌ-নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলেদের মধ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর চেয়ারম্যান।
মানবকণ্ঠ/ডিআর




Comments