Image description

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে ইতোমধ্যে প্রস্তাবিত রুটিন প্রস্তুত করা হয়েছে, যা দ্রুতই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং শেষ হবে ১৩ জুলাই।

শিক্ষামন্ত্রী বলেন, "পরীক্ষার রুটিন আগেই প্রস্তুত করা হয়েছে যাতে শিক্ষার্থীরা পর্যাপ্ত সময় নিয়ে প্রস্তুতি নিতে পারে। আমরা পরীক্ষার ফলাফল প্রকাশের সময় আরও কমিয়ে আনার চেষ্টা করছি। বর্তমানে প্রচলিত ২ মাসের পরিবর্তে আরও দ্রুততম সময়ে ফল দেওয়ার লক্ষ্যে কাজ চলছে।"

জানুয়ারি মাসে পাঠ্যপুস্তক উৎসবের ওপর পরীক্ষার কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "এসএসসি পরীক্ষার কারণে বছরের শুরুতে বই উৎসবে কোনো বিঘ্ন ঘটবে না। যথাসময়েই শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে।"

এছাড়া তিনি আরও জানান, পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধনের কাজ চলছে, যা পরবর্তী সংসদ অধিবেশনে পাস হবে বলে আশা করা যাচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর