সারা দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ঢাকায় আরও একজন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৪৩৯ জনের মৃত্যু হলো।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ৩৬৩ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ৫৪ হাজার ৪১৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে এবং মোট ৭ হাজার ৩০৫ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৯ হাজার ১৬০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ হাজার ৯৬৮ জন। হঠাৎ হামের এই ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্বারোপ করছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments