দেশে হামের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়লেও আক্রান্তদের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, হাম রোগীদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বিশ্বজুড়ে হামের চিকিৎসায় স্বীকৃত এমন কোনো পদ্ধতি নেই, যা আমাদের দেশে রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে প্রতিকূল পরিস্থিতির কারণে অনেক সময় সীমাবদ্ধতা দেখা দিলেও আমরা তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি।"
হামের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সরকার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে টিকার ব্যবস্থা করতে পেরেছে। তবে টিকার সুফল পেতে কিছুটা সময় প্রয়োজন। আমরা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তবে প্রয়োজন অনুযায়ী হাসপাতালের সক্ষমতা আরও বাড়ানো হবে।"
উল্লেখ্য, দেশে হাম পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে দেশজুড়ে এই মরণঘাতী রোগে মোট ৪৫১ জনের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকা দেওয়া এবং যেকোনো উপসর্গে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মানবকণ্ঠ/ডিআর




Comments