রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কারও প্রতি বিরূপ মনোভাব পোষণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনীতির পরিচয় ব্যবহার করে যারা সন্ত্রাস, দখলদারত্ব, নির্যাতন ও মানুষের ওপর নিপীড়ন চালিয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পরিচালনা করতে হবে এবং এসব অপরাধের ক্ষেত্রে কোনোভাবেই আপস করা যাবে না।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত নবনিযুক্ত পিপি ও জিপিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, পিপি, জিপি, এজিপি ও এপিপিদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপ্রার্থী মানুষের অধিকাংশই আর্থিকভাবে অসচ্ছল। তাদের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারি আইন কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে। অন্যায় ও অপরাধের বিরুদ্ধে আইনি অবস্থান সুদৃঢ় রাখতে হবে, যাতে সাধারণ মানুষ ন্যায়বিচার পেতে কোনো ধরনের হয়রানি ও দুর্ভোগের শিকার না হন।
মাদক ও অনলাইন জুয়াকে সমাজের জন্য ভয়াবহ সমস্যা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করা এবং অনলাইন জুয়ার বিস্তার রোধ করা অত্যন্ত জরুরি। এসব অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে, যাতে আইনের ফাঁকফোকর ব্যবহার করে অপরাধীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াতে না পারে।
তিনি আরও বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির সমস্যা নয়; এটি তার পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও মারাত্মক ক্ষতিকর। অন্যদিকে অনলাইন জুয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যারা সারাদিনের উপার্জন হারিয়ে পরিবারে অশান্তি ডেকে আনছেন। তাই মাদক ও অনলাইন জুয়াসংক্রান্ত মামলাগুলোতে সরকারি আইন কর্মকর্তাদের বিশেষ সতর্কতা ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
সিলেট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফের সভাপতিত্বে সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, পিপি মমিনুল ইসলাম মমিনসহ আইনজীবী ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
ডিআর




