গ্রামে তীব্র শীত। সকাল তখনো কুয়াশার দখলে। ঘুম ভেঙেও সূর্যের দেখা মেলেনি। সূর্য মামা ঠিকই উকি দিয়েছ। কিন্তু কুয়াশা তার চাদরে সূর্যকে আড়াল করে রেখেছে। সকাল হলেও শেষ হয়নি আলো-আঁধারির যুদ্ধ। তবে বাড়ির উঠান বা খেজুর গাছের পাশে যেন একটি ছায়ামূর্তি দেখা যায়। সে আর কেউ নয়, সে হলো গাছি। ঐ সময় গাছ থেকে স্বাদের রস কলস নামতেই দূর থেকে ভেসে আসে টাটকা রসের সুগন্ধি। এতে গাছি রসের কলস নিয়ে আসতেই শুরু হয় বাড়ির বয়োবৃদ্ধ থেকে শিশু-কিশোরের কোলাহল। কারো হাতে জগ কারো হাতে পাতিল। মুখর হয়ে উঠে বাড়ির উঠান। শীতের বাংলায় যেন অতি পরিচিত এ দৃশ্য। তবে গ্রাম-বাংলার সেই পরিচিত অপূর্ব দৃশ্য হারাতে বসেছে নগরায়ণের ছোঁয়ায়। গ্রামে এখন খাঁটি রস খুঁজে পাওয়া, আলাদিনের চেরাগের মতো দুষ্কর হয়ে পড়েছে। অধিক মূল্য দিয়েও পাওয়া যায় না গাছি, পাওয়া যায় না টাটকা রস। তাতে মানুষ যেন ভুলতে বসেছে গ্রামীণ ঐতিহ্যের সেই শীতকালীন রসের স্বাদ।
তেমনি একটা ঐতিহ্যবাহী রসের গ্রাম ছিল চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা। এক সময় এখানে পাওয়া যেত টাটকা রস। ওখানকার রসের স্বাদ ছিল অতুলনীয়। বাঁশখালীর সেই রস যেন স্বয়ং মধুকেও হার মানায়। যেমন মিষ্টি তেমনি ছিল লাল। বঙ্গোপসাগর উপক‚লবর্তী ও ঐখানকার মাটির কারণে রসের স্বাদ ছিল বলার মতো। শীতের সময় বিয়াইর বাড়িতে রসের হাঁড়ি পাঠাতে বিভিন্ন উপজেলার কন্যার বাবারা ভোর বেলায় গাছির কাছে ও হাট-বাজারে ভিড় জমাতো কলস ভর্তি রস কেনার জন্য। আর সকাল সকাল সেই রসের কলস সহ ভাঁপা পিঠা, চিতই পিঠাসহ পাড়ি দিতো কন্যার বাড়িতে। রসের সাথে থাকতো দেশি রাতা মুরগিও। অপরদিকে গ্রামের গাছিরাও রস সংগ্রহ শেষে কলস ভর্তি রস নিয়ে সারি সারি ভাবে সাজিয়ে বিক্রি করতো গ্রামের হাট-বাজারে। অথবা কাঁধের ভারের দুই পাশে দুটি মাটির কলস ঝুলিয়ে ডাক দিতো অহ-ওইই রস লইবনা রস (লইবনা-আঞ্চলিক শব্দ)। ওই সময়ের রস, সেই রস, যে রস কখনো ওজনে বিক্রি হতো না। মাটির কলসিই ছিল রস বিক্রির একমাত্র মাধ্যম।
শীতের সময় গ্রামের মামা-ফুফাত ভাইরা পাড়ি দিতো রসের কলস নিয়ে শহরে। ভাঁপা পিঠা, চিতই পিঠাসহ টাটকা রসের হাঁড়ি নিয়ে চলে যেতো শহরের ধনী আত্মীয়ের কাছে। সাথে থাকতো কয়েক সের লাল বিনি চাল। তবে এখন আর সেই দিন নাই। এখন দিন বদলেছে, বদলেছে যুগ। গ্রামীণ পদে পদে ছোঁয়া লেগেছে নগরায়ণের। হচ্ছে পরিবেশ দূষণ। হচ্ছে কল-কারখানা। তৈরি হচ্ছে দালান বাড়ি। মানুষ আর সেই খেজুর গাছ আর রোপন করে না। গাছিরা এখন লজ্জার কথা বলে আর গাছে উঠতে চাই না। মানুষ এখন নিজেদের সভ্য বলতে গিয়ে রসের বদলে কৃত্রিম গুড় কিনতে অভ্যস্ত। মানুষ এখন সেই স্বাদের রসের কথা ভুলে গিয়েছে। এসবের কারণ গ্রামে গ্রামে নগরায়ণের ছোঁয়া। আর তাতে গড়ে উঠা মিল-কারখানা দালান-কোঠা গিলে খাচ্ছে গ্রামের হাজার বছরের ঐতিহ্য।
খেজুর গাছ কমে যাওয়া এবং যে সব গাছ জীবিত আছে ঐসব গাছে রস না পাওয়ায় গাছির অভাব আর গ্রামে নতুন নতুন মিল কারখানার আগ্রাসনকে দায়ি করেছেন অনেকেই। গ্রামীণ অঞ্চলে নতুন নতুন কল-কারখানার ফলে পরিবেশ দূষণ হচ্ছে। যার কারনে প্রায় গাছ মরে যাচ্ছ। অপরদিকে গাছির অভাবে গাছ কাটা যাচ্ছে না। যার ফলে চলছে গাছি সংকট। তেমনি বেশির ভাগ খেজুর গাছ রাস্তার পাশে হওয়ায় নতুন ভাবে রাস্তা তৈরি করতে কেটে ফেলা হচ্ছে অনেক পুরানো গাছ। অপর দিকে বৈশ্বায়িক পরিবর্তনও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে খেজুর রস যেন এখন সোনার হরিণ। হাজার টাকা দিয়েও মিলছে না ‘এক কলস’ খেজুরের রস।
যেমন ৩৭ বছর বয়সী গৃহিণী মরিয়মের কথা শুনুন, ‘তার পাঁচ ছেলে-মেয়ে। বড় ছেলে বাড়িতে থাকে না। তবে তাঁর অপর চার ছেলে-মেয়ে সবাই বাড়িতে থাকে। শীতের দিনে তারা ভাঁপা পিঠা, চিতই পিঠা খাইতে চায় রস দিয়ে। তাই ছেলে-মেয়েদের আবদার মিটাতেই তিন গ্রামে ঘুরেছে কোথাও রস পায়নি সে। তার মতে, পাশের তিন গ্রামে কোথাও বেশি মূল্য দিয়েও রস মিলছে না। খেজুরের রস পাওয়া যেন দুষ্কর। এতে তিনি বলেন, ‘আগের দিনগুলোর কথা মনে পড়লে খারাপ লাগে। এক সময় হাত দিলেই মিলতো খাটি খেজুরের রস। তবে আজ সে সবকিছুই যেন ইতিহাস।’
ঐতিহ্যের খেজুর রস রক্ষার উপায়: আমাদের দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে আধুনিক নগরায়ণের ছোঁয়ায় বা গাছি সংকটে যে স্বাদের রস বিলুপ্তির পথে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এখনই পদক্ষেপ নেওয়া জরুরি। অপর দিকে গাছিদের অন্য পেশা থেকে ফিরিয়ে আনতে হবে। নয় তো বা নতুন গাছি সৃষ্টি করতে হবে। উপজেলা অথবা স্থানীয় কৃষি অফিস বা কৃষি সম্প সারণ অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় গাছিদের প্রশিক্ষণ দিতে হবে। গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে খেজুর রসের উপকারিতা। এবং স্থানীয় কৃষি অফিস বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে রাস্তার দু’পাশে সারি সারিভাবে খেজুর গাছ রোপণ করা এবং মানুষের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করতে হবে। এতে গ্রামের ঐতিহ্যের বাহন খেজুর রস কিছুটা হলেও বিলুপ্তির হাত থেকে রক্ষা করা যাবে।’
লেখক: শিক্ষার্থী, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মানবকণ্ঠ/এআই

