বর্তমান সরকারের হাত ধরে দেশে নারীদের অগ্রগতি হয়েছে বহুগুণ। নারীরা স্বাধীনভাবে এগিয়ে যাচ্ছে পুরুষের সাথে সাথে। দেশ ও জাতীর সার্বিক উন্নয়নে ঈর্ষান্বিত অবদান রাখছে। পূর্বের বর্বরতা ও চরমভাবে অবহেলিত নারী সমাজ আজ বিশ্বজুড়ে যেন রেনেসাঁর সূচনা করেছে। ঠিক তখনও আমাদের দেখতে হচ্ছে অতীতের ন্যায় কিছু নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি। কিন্তু কেন? বর্তমানে ধর্ষণের যে ভয়াবহ খণ্ডচিত্র দেখা যাচ্ছে, তা ভাবলে ১৯৭১ সালের কথাই আমাদের মনে পড়বে। আজ নৈতিক মূল্যবোধের অবক্ষয় হচ্ছে নিত্যই কিন্তু তা উত্তরণে আমাদের ভ‚মিকা যেন শুধুই দেখে যাওয়া। যে ভিকটিম সে আর তার পরিবারে কষ্ট যেন শুধুই তাদের। নারীদের জন্য আইন করেও কেন এখনো পুরোপুরি অনিরাপদ আমার বোন, আমার মা, আমার স্ত্রী ও আত্মীয়। কিছু মনুষ্যত্বের ধারকরাই বিবেক বিবর্জিত নির্লজ্জ পিশাচ রূপে হাজির হয়েছে।
বিশ্ববিদ্যালয় মানুষের মনুষ্যত্বকে উন্নীত করার সর্বোচ্চ স্তর বলে বিবেচনা করা হয়। আজ সেই বিশ্ববিদ্যালয়ের অঙ্গনই নারীদের জন্য অনিরাপদ ও কিছু হিংস্র হানাদারদের দখলে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিছিন্ন ঘটনা আমরা দেখছি কিন্তু এখনো নানা সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনা যেন চলমান প্রক্রিয়া। সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ধর্ষক। একটা পরিবারের স্বামী ও স্ত্রীকে একসাথে ডেকে এনে, মীর মোশাররফ হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছে। তবে এমন ঘটনা জাবিতে নতুন নয়।
১৯৯৮ সালের আগস্টের মাঝামাঝি হতে ১৯৯৯ সাল জাহাঙ্গীরনগর ক্যাম্পাস ছিল উত্তাল। জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসীমুদ্দিন মানিক ওরফে রেপিস্ট মানিককে সেঞ্চুরিয়ান জসিমুদ্দিন মানিক বা সেঞ্চুরিয়ান মানিক বলা হতো। কারণ সে ১০০টা ধর্ষণ করে বন্ধুদের নিয়ে ককটেল পার্টি করেছিল। জসীমুদ্দিন মানিক ওরফে রেপিস্ট মানিক আর তার সাঙ্গপাঙ্গদের নিকৃষ্টতম অপরাধের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের প্রতিবাদ, অবরোধ ছিল। প্রতিদিন পত্রিকার শিরোনামে অদ্ভুত কিছু নাম ‘ছাত্রলীগের রেপিস্ট গ্রুপ বনাম কিলার গ্রুপ’ প্রভৃতি স্থান পেত। তখন ৩২০টি ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। অবশ্যই ধর্ষণের সেঞ্চুরি নিয়ে একটি তদন্ত প্রতিবেদনও তৈরি হয় কিন্তু সমাধান হয়নি। সেই বিশ্ববিদ্যালয়ে আবার কিছুদিন পর পহেলা বৈশাখে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই ছাত্রীকে শাড়ি টেনে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছিল।
একটি প্রতিবেদনের কথা আজও মনে দাগ কেটে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর, সেটি হচ্ছে সুনির্দিষ্ট ধর্ষণের মামলা হয়নি বলে ধর্ষক-ছাত্রলীগ ক্যাডারদের বিরুদ্ধে সে সময় পুলিশ কোনো আইনগত পদক্ষেপ নিতে পারেনি। কারণ প্রতিটি ঘটনার ক্ষেত্রে ধর্ষিতা ছাত্রীটি লোক-লজ্জা এড়াতে প্রকাশ্যে মামলা করতে রাজী হয়নি। ধর্ষণের ঘটনা জানাজানি হতেও সময় লেগেছে, সে কারণে আলামত সংগ্রহ করাও সম্ভব ছিল না। তবে অধিকাংশ ক্ষেত্রে ধর্ষিতা ছাত্রীরা নিভৃতে শিক্ষা জীবনের ইতি ঘুচিয়েছে। আর কখনোই ক্যাম্পাসমুখো হয়নি। ধর্ষণের শিকার ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের লিখিত ও মৌখিক জবানবন্দিসহ অন্যান্য তদন্তের ভিত্তিতে যে রিপোর্ট সেসময় জাবি কর্তৃপক্ষ তৈরি করেছিল, সেটিতে ধর্ষণের যে ভয়াবহ খণ্ডচিত্র দেয়া হয়েছিল- তা ভাবলে ১৯৭১ সালের কথাই আমাদের মনে পড়বে।
বর্তমান সরকার নারীদের জন্য কঠোর আইন প্রণয়ন করা সত্তে্বও থামছে না মানুষরুপি কিছু নরপিশাচ। আমাদের মা, বোন, স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার জন্য রুখে দাঁড়াতে হবে সবার। করতে হবে প্রতিবাদ। ধর্ষকের কোনো দল ও পরিচয় নেই তার পরিচয় একটাই সে ধর্ষক। নারী ধর্ষণ মানে স্বাধীনতা হত্যা।
লেখক: প্রাবন্ধিক ও কলামিস্ট
মানবকণ্ঠ/এআই

